ইসলাম টাইমস ডেস্ক : সাতক্ষীরায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেবহাটা থানা ঘেরাও করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স ম গোলাম মোস্তফার ৭ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে তারা।
তবে সাতক্ষীরা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান দুপুরে বলেন, সেখানে থানা ঘেরাও করার কোন ঘটনা ঘটেনি। এই মুহূর্তে সেখানে কোন লোকজন নেই।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার সময় ৬ জনকে আটক করা হয়েছে। তারা অপরাধী কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আবু বকরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ কোন কারণ ছাড়াই পারুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রায়হান, আওয়ামী লীগগ নেতা মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মেদসহ ৭ জনকে আটক করেছে।
তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই ভোটের মাত্র দুদিন আগে তাদের আটক করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করেছে। তাদের না ছাড়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।
এ ব্যাপারে জানতে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
















