চট্টগ্রামে জোর করে ব্যালটে সিল মারার চেষ্টা, সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ

ইসলাম টাইমস ডেস্ক:  চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সময়  জোর করে একটি পক্ষ ব্যালটে সিল মারতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।  এতে  এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত পুলিশ কনস্টেবলের নাম ফরহাদ হোসেন। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকালে একটি পক্ষ জোর করে ব্যালটে সিল মারতে চেষ্টা করে।  বিষয়টি  প্রিসাইডিং কর্মকর্তা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ সময় সংঘর্ষ বেধে যায়। এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এরপর এ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।

আজ তৃতীয় দফায় দেশের ১১৭ উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হয়েছে ভোট গ্রহণ। শেষ হবে বিকেল চারটায়।

পূর্ব চন্দনাইশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৮৫ বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদমালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০০
পরবর্তি সংবাদএই সরকার অনুভূতিশূন্য ও বোধহীন : রিজভী