ইসলাম টাইমস ডেস্ক : নিউইয়র্কে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও সেখানে আগমনকারী মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী মুসলিম টহল দল। তাদের নামকরণ করা হয়েছে দ্য মুসলিম কমিউনিটি পেট্রোল (এমসিপি)।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এই উদ্যোগ নিলো নিউইয়র্কের মুসলিম কমিনিউনিটি।
সংস্থাটির ওয়েবসাইটে শ্লোগান হিসেবে লেখা হয়েছে, অপরাধ বিষয়ক উদ্বেগ জীবনের মান বৃদ্ধি করে।
স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এমসিপি গড়ে তোলা হয়েছে। পুলিশ তাদেরকে প্রয়োজনীয় সেবা, নিরাপত্তা শিক্ষা ও টহলের কৌশলগুলো শেখাবে।
এই পর্যন্ত এমসিপিতে কাজ করার জন্য পঞ্চাশজন স্বেচ্ছাসেবী নাম লিখিয়েছেন। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের মধ্যে আরও রয়েছে, পরিবারিক ও আর্থিক সংকট মোকাবেলা, মাদকাসক্তি রোধ করা, হতাশা ও আত্মহত্যার প্রবণতা দূর করার কৌশল।
এমসিপি বলছে, তাদের সেবা পরিকল্পনায় শুধু মুসলিমরা নয়; বরং অমুসলিমদের নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে। তারা শহরের উদ্বাস্তুদের মাঝে খাবার বিতরণ করবে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ এমসিপির স্বেচ্ছাসেবী সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে। তবে তাদেরকে কোনো অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়নি। সব সময় অস্ত্রহীন থাকার শর্ত দেওয়া হয়েছে।
পশ্চিমা সমাজে পুলিশ ও নিজ সম্প্রদায়ের লোকদের সহযোগিতার জন্য এমন কমিউনিটির অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন, ব্রুকলিনের ইহুদি সম্প্রদায় নিজেদের নিরাপত্তার জন্য টহল দল গঠন করেছেন।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
















