ইসলাম টাইমস ডেস্ক : ২৫ মার্চের কালোরাত স্মরণে আজ সোমবার রাত ৯টায় ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। ফলে এই সময় সারা দেশ একযোগ ১ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। ১৯৭১ সালের এই দিনে গণহত্যা শিকার হওয়া শহীদদের স্মরণ করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এক মিনিট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত। সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশ সোমবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।
















