ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে মোঃ সাদেক (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, নিহত সাদেক রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত হিসেবে পরিচিত ছিলেন।
নিহত ডাকাত মোঃ সাদেক হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ জলিলের ছেলে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
টেকনাফ রেজিস্টার্ড নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম বলেন, মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সাদেকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মৃতদেহের বুকে ও হাতে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
















