আবরার আবদুল্লাহ ।।
তুরস্কের ৫৫তম পাঠাগার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির ন্যাশনাল লাইব্রেরি। ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘মাই ফার্স্ট বুক’ বা আমার প্রথম বই। মূলত ভিডিওতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের কৈশোরের একটি ঘটনা তুলে ধরা হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন তরুণ একটি লাইব্রেরিরে আটখণ্ডের এক সেট বইয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এরপর সে প্রতিদিন স্কুল ছুটির পর তুরস্কের পথে পথে সিমিটস (পিঠা জাতীয় মিষ্টান্ন) বিক্রি করছে। সিমিটস বিক্রি শেষে প্রতিদিন ঘরে ফেরার আগে সে দেখে যেতো বইয়ের সেটটি আছে কী না? প্রতিদিনের উপার্জন সে জমিয়ে রাখতো একটি কাঁচের বয়ামে। এর সে একটি সেই বইয়ের ভলিয়মটি কিনে বাড়ি নিয়ে এলো।
এরদোয়ান বলেছেন, তার জীবনের প্রথম স্বপ্ন ছিলো একটি নিজস্ব পাঠাগারের। কিশোর বয়সে তুরস্কের কামাল পাশা জেলার রাস্তায় রাস্তায় তিনি একসেট বইয়ের টাকা যোগার করতে সিমিটস বিক্রি করেছেন।
President Erdoğan marks National Library Week with a video telling the story of his childhood dream of having a library pic.twitter.com/ygFnEKyeez
— DAILY SABAH (@DailySabah) March 26, 2019
তিনি আরও জানান, তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পরও সেই আট খণ্ডের কিতাবটিকে তিনি সব সংগ্রহের উপর স্থান দেন। ভিডিওতে বইয়ের একটি খণ্ড হাতে নিয়ে নাড়তে দেখা যায় এরদোয়ানকে।
কৈশোরে কেনা সেই বই সম্পর্কে তিনি আরও বলেন, এই বই যখন আমি খুলি তখন আমি আমার শৈশব ফিরে পাই, আমার মায়ের গন্ধ খুঁজে পাই।
প্রেসিডেন্ট এরদোয়ান শিশুদের উদ্দেশে বলেন, দয়া করে তোমরা বইকে আপন করে নাও এবং দেশের জন্য বড় বড় স্বপ্ন দেখো। কারণ, মানুষ যেমন একা থাকতে পারে না, তার স্বপ্নও আত্মকেন্দ্রিক হতে পারে না।
অবশ্য তুর্কি ন্যাশনাল লাইব্রেরি এরদোয়ানের উপর করা ভিডিওটি ছাড়াও আরো বেশ কিছু ভিডিও তৈরি করেছে।
















