দিনাজপুরের বীরগঞ্জে রান্নাঘরের আগুনে ১৩টি বাড়ি পুড়ে ছাই

ইসলাম টাইমস ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জে রান্নাঘরের অগ্নিকাণ্ডে মালামালসহ ১৩ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে বাঁচাতে আরও ৭টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের ভোনানাথপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে। ঘটনার পর থেকে খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে পরিবারের লোকজন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা মো. বুলু জানান, সকাল সাড়ে ১০টায় হঠাৎ করে আগুনের ধোয়া দেখতে পেয়ে ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায় এলাকাবাসী। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলাম, আজাহারুল ইসলাম, বাক প্রতিবন্ধী মো. জুয়েল ও আবদুস সাত্তার, মো. সোহেল, মো. হুদুম, মোছা. জরিনা বেওয়া, হামিদা বেওয়া, দুলাল হোসেন, আবদুল বাসেদ, সোহেল রানা, গোলাম রব্বাণী এবং ইসা নবীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, আগুন থেকে বাঁচাতে সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আবদুল হামিদ, আউয়াল, সহিদুল ইসলাম ও টুলটুলি বেগমসহ ৭টি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। রান্নাঘর হতে আগুনের সুত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন মো. বুলু।

সংবাদ পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তি সংবাদগোলান মালভূমিতে ইসরাইলের দখলদারিত্বকে আনুষ্ঠানিক স্বীকৃতি ট্রাম্পের
পরবর্তি সংবাদইসরাইলকে গোলান মালভূমি ছাড়তেই হবে: কাতার