ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরে ছিনতাইকারীদের গুলিতে কাওসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নগরীর এরশাদনগর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত কাওসার ছিনতাইকারী। তার সহযোগীদের গুলিতেই তিনি মারা গেছেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, রাতে এরশাদনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ছিনতাইকারী কাওসারকে আটক করা হয়।
পরে বিষয়টি টের পেয়ে কাওসারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় গুলিতে কাওসার আহত হন।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কাওসারের মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
















