ইসলাম টাইমস ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই নোটিশে বলা হয়েছে, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে উপাচার্যের ক্ষমতা বলে ২৮ মার্চ থেকে বরিশাল বিশ্বাবদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের ২৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার জোরদার আন্দোলনের ঘোষণা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ থেকে। এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমামুল হক স্বাধীনতা দিবস উপলক্ষে ক্যাম্পাসে নানা কর্মসূচির ঘোষণা দিলেও ফুল দেয়া ছাড়া আর কোনো অনুষ্ঠানে (মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান) শিক্ষার্থীদের রাখা হয়নি। এর প্রতিবাদ করা হলে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন ভিসি।
এর প্রতিবাদে মঙ্গলবার থেকেই এই আন্দোলনের সূচনা হয়।
















