ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মুসলিম নাগরিকদের প্রতি চীনের আচরণের তীব্র সমালোচনা করে বলেছেন, মুসলিম নাগরিকদের প্রতি চীনের আচরণ লজ্জাজনক।
গতকাল বুধবার এই সমালোচনা করেন তিনি।
পম্পেও এক টুইটে বলেন, মুসলমানদের প্রতি চীন যে আচরণ করছে, তা লজ্জাজনক ভণ্ডামি। চীন যাঁদের অযৌক্তিকভাবে আটকে রেখেছে, তাঁদের অবশ্যই ছেড়ে দিতে হবে। দমননীতি বন্ধ করতে হবে।
চীনের উইঘুর সম্প্রদায়ের সাবেক এক বন্দী ও কয়েকজন স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার পর টুইটারে এই মন্তব্য করেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলমানদের প্রতি চীনের লজ্জাজনক ভণ্ডামি বিশ্ব মেনে নিতে পারে না। একদিকে চীন তার নিজ দেশেই ১০ লাখের বেশি মুসলমানদের নির্যাতন-নিপীড়ন করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘চীনে নিশ্চিতভাবে লাখো উইঘুর আটক আছেন। আমরা চীনকে বোঝাতে কাজ করছি যে এই চর্চা জঘন্য। এটা বন্ধ করা উচিত।’
















