ইসলাম টাইমস ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের ঘটেছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের পাঁচ কর্মী এর সঙ্গে জড়িত ছিলেন। আজ শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছনে এ ঘটনা ঘটে।
মারধর ও ছিনতাইয়ের শিকার মনির হোসেনকে (৩০) আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের সময় ছাত্রলীগের তিন কর্মীকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী হাতেনাতে ধরেছেন। বাকি দুজন পালিয়ে যান।
ঘটনার বিবরণে জানা যায়, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ে শ্বশুরের কোয়ার্টারে বেড়াতে আসেন মনির হোসেন। আজ শনিবার ভোরে তিনি তাঁর কর্মস্থলে যোগদানের জন্য বিশমাইল এলাকায় সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা তাঁকে আটক করে মুঠোফোন, মানিব্যাগসহ নগদ অর্থ ছিনিয়ে নেন। একপর্যায়ে মনির হোসেন পালানোর চেষ্টা করলে তাঁকে ধরে ইজিবাইকে করে বোটানিক্যাল গার্ডেনের পেছনে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাঁরা মনির হোসেনকে বেধড়ক মারধর করেন। পরে তাঁরা মনিরের স্ত্রীর কাছে মুঠোফোনে ১ লাখ টাকা দাবি করেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ঘটনাস্থলে যান। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের কর্মীরা পালানোর চেষ্টা করেন। কর্মচারীরা তাঁদের মধ্যে তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেন।
















