ইসলাম টাইমস ডেস্ক: বনানীর পর এবার গুলশানে আগুন লেগেছে। গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে আজ ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট সেখানে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।
কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন।
সকাল পৌনে সাতটার দিকে তিনি জানান, ১৪টি ইউনিট কাজ করছে। মূল মার্কেটে ফায়ার ফাইটাররা পৌঁছে গেছেন। তিনি আশা করছেন, হয়তো ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
















