রাজনৈতিক কারণে তাসভির গ্রেফতার হয়েছে : মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক : এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিএনপি নেতা তাসভির উল ইসলামের গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের চরম ব্যর্থতায় জনমনে যে ধিক্কার উঠেছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তাসভির উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হলে গতকাল শনিবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভির উল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। আজ রোববার তাসভির উল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। একই মামলায় এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককেও রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, মূলত তাসভির উল ইসলাম ওই ভবনের মালিকও নন, ডেভেলপারও নন। তিনি ভবন নির্মাতা প্রতিষ্ঠান বা বিল্ডার্সের কাছ থেকে ফ্লোর কিনেছেন মাত্র।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, যে সরকারের আমলে রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণকাজ হয়, ভবন নির্মাণের পর হেলে যায়, ভবনের টেকনিক্যাল উপযোগিতা যাচাই না করে মানুষের বসবাস ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয় এবং ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুসরণ করা হয় না, সেই সরকারের আমলে মানুষের জীবন যে ঝুঁকিপূর্ণ থাকবে, সেটাই স্বাভাবিক। এগুলোর সম্পূর্ণ দায় সরকারের।

পূর্ববর্তি সংবাদদুবাইয়ে চালু হলো কোরআন পার্ক 
পরবর্তি সংবাদঅনিয়মকারীরা আদালত থেকে ছাড়া পেলেও দুদক থেকে পাবে না : দুদক চেয়ারম্যান