ইসলাম টাইমস ডেস্ক: উপজেলা নির্বাচনে ধাপে ধাপে ভোটার উপস্থিতির হার কমেই চলেছে। সে সাথে বেড়ে চলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের সংখ্যা। চার ধাপের প্রাপ্ত ফল অনুযায়ী, ৪১৯টি উপজেলার মধ্যে ২৮৪টিতে দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া প্রার্থীদের ৯২ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
চার ধাপে সার্বিকভাবে ভোট পড়ার হার ৪০ দশমিক ৬৩ শতাংশ। সর্বশেষ অনুষ্ঠিত চতুর্থ ধাপে ভোটার উপস্থিতির হার সবচেয়ে কম ৩৬ দশমিক ৫০ শতাংশ।
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনাররা বলেছেন, বিএনপিসহ বেশির ভাগ দল অংশগ্রহণ না করায় এ নির্বাচন জৌলুস হারিয়েছে। ভোটার উপস্থিতি কম হয়েছে। তবে এক্ষেত্রে ইসির কোনো দায় নেই বলে দাবি করেন তারা।
ভোটার উপস্থিতি কম হওয়া বিষয়ে সর্বশেষ রোববার মাহবুব তালুকদার বলেন, নির্বাচন বা ভোটপ্রদানে জনগণের যে অনীহা পরিলক্ষিত হচ্ছে, তাতে জাতি এক গভীর খাদের কিনারের দিকে অগ্রসরমাণ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচন। নির্বাচনবিমুখতা গণতন্ত্রের প্রতি মুখ ফিরিয়ে নেয়ার নামান্তর। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় শামিল হতে চাই না। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের বিষয়টি গুরুত্বসহকারে ভেবে দেখা দরকার।
















