ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার জামাল কলোনিতে অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকালে উপজেলার সদর মুন্সিরঘাটা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকালে স্থানীয় জামাল কলোনিতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
সংবাদ পেয়ে প্রথমে রাউজান ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরপর তাদের সঙ্গে এসে যোগদেয় হাটহাজারী থেকে আসা আরও দুটি ইউনিট।
তবে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছাড়িয়ে পড়ে। এতে কলোনীর প্রায় ৩০টি পরিবারের নগদ টাকা, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এদিকে অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে মুন্সিরঘাটার স্থানীয় ব্যবসায়ীরা তাদের মালামল সরানোর চেষ্টা করেন। চট্টগ্রাম-রাঙ্গমাটি সড়কে মালামাল রাখায় এবং উৎসুক জনতার জন্য প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, কোন ধরনের হাতহতের ঘটনা ঘটেনি। একটি শিশু নিখোঁজের গুজব ছিল। পরে শিশুটিকে পাওয়া গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
















