ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিপ্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের লোকদের আরও বেশি সহানুভূতিশীল হওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, অটিজম আক্রান্তরা সমাজের বোঝা না। অটিস্টিক শিশুদের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সম্পদ করে গড়ে তুলতে হবে।’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বিভিন্ন স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ব্যবস্থা করেন। সেই ধারাবাহিকতায় সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আগামী অর্থ বছরে ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে ভাতার আওতায় আনা হবে। বর্তমানে ১০ লাখ প্রতিবন্ধীকে প্রতিমাসে ৭০০ টাকা ভাতা এবং ৯০ হাজার শিক্ষার্থীকে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।
জন্মের শুরুতেই শিশুর অটিজম বৈশিষ্ট্য চিহ্নিত করে তাকে চিকিৎসার আওতায় আনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষ ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ভবিষ্যতে দেশের অন্যান্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও এ ধরনের ইনস্টিটিউট খোলার ঘোষণা দেন তিনি।
















