মাছ-মুরগির খাবারে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টের

ইসলাম টাইমস ডেস্ক : মুরগি মাছের খাবারে ট্যানারির বর্জ্য ব্যবহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশে বলা হয়েছে, মুরগি ও মাছের খাবার তৈরির কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে এক মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে হবে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।

এর আগে একই দিন ট্যানারির বর্জ্য ব্যবহার করে মুরগী ও মাছের খাদ্য তৈরি বন্ধের বিষয়ে হাইকোর্টে একটি সম্পূরক আবেদন করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ আবেদনটি করেন। আবেদনের পক্ষেও তিনি শুনানি করেন।

তিনি জানান, আদালত রায় বাস্তবায়নের বিষয়ে বিবাদীদের কাছে প্রতিবেদন চেয়েছেন। পাশাপাশি হাইকোর্টের রায় প্রতিপালন না করায় ছয় বিবাদীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না, সে মর্মে শোকজ করে ৯ এপ্রিলের মধ্যে ব্যাখ্যা দাখিলেরও নির্দেশ দিয়েছেন। ছয় বিবাদী হলেন- শিল্প সচিব, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ সচিব এবং পুলিশ মহাপরিদর্শক।

পূর্ববর্তি সংবাদহোটেল ফার্মগেট থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
পরবর্তি সংবাদখালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ এপ্রিল গণঅনশন বিএনপির