ইসলাম টাইমস ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন দারুল উলুম করাচির ড্রাইভার আমির শাহাব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন।
২২ মার্চ শুক্রবার শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমানির উপর হামলার সময় গুরুতর আহত হন আমির শাহাব। এই নিয়ে এই হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
গতকাল জোহরের পর দারুল উলুম করাচিতে আমির শাহাবের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন পাকিস্তানের মুফতিয়ে আজম আল্লামা রাফি উসমানি। তার জানাযায় দারুল উলুমের ছাত্র-শিক্ষকরা ছাড়াও করাচির বিশিষ্ট আলেমগণ অংশগ্রহণ করেন।
আমির শাহাব দুই বছর যাবত দারুল উলুম করাচির ড্রাইভার ছিলেন। গত বছর তিনি বিয়ে করেন এবং তার একটি ছেলেও রয়েছে।
২২ মার্চ হামলার সময় তিনি আল্লামা তাকি উসমানির পেছনের গাড়িতে ছিলেন। এ সময় তার মাথা ও বুকে একাধিক গুলি লাগে। গুলির আঘাতে মাথার খুলিতে একাধিক চিড় ধরে। গত বুধবার রাতে তার ইন্তেকাল হয়।
অন্যদিকে হামলার ১৩ দিন অতিবাহিত হলেও এখনও কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।
সূত্র : দ্য নিউজ
















