ফের নতুন কর্মসূচি ঘোষণা পাটকল শ্রমিকদের

ইসলাম টাইমস ডেস্ক: পূর্ব প্রস্তাবিত ৯ দফা দাবি আদায় না হওয়ায় আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে পাটকল শ্রমিকরা। আগামী ১২ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ঘোষিত এসব কর্মসূচির মধ্যে জনসভা, মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ ও ধর্মঘট রয়েছে।  প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন নতুন এই কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকদের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- ১২ এপ্রিল ঢাকা চট্টগ্রাম খুলনা অঞ্চলে শ্রমিক জনসভা সহ১৪ এপ্রিল রাজপথে মিছিল। মিছিলগুলো প্রতিটা মিল গেট থেকে শুরু হবে, যার যার এলাকা প্রদক্ষিণ করে মিছিল আবার মিলে এসে শেষ হবে। এরপর ১৫-১৮ এপ্রিল ৯৬ ঘণ্টার ধর্মঘটসহ প্রতিদিন ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ। এই সময়ের মধ্যে দাবির বিষয়ে যদি কোনও সুরাহা না হয় তাহলে ২৫ এপ্রিল সকাল ১০টায় যার যার মিলে গেট মিটিং করে ২৭-২৯ এপ্রিল আবারও ৭২ ঘণ্টার ধর্মঘটসহ প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টা করে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার কর্মসূচি শেষে গতকাল শনিবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে বৈঠকে বসেছিলেন ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতারা। কিন্তু ৫ ঘণ্টার বৈঠকেও কোনও সুরাহা না হওয়ায় তারা নতুন কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেন। আজ রবিবার (৭ এপ্রিল) এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

সিবিএ সভাপতি শাহানা শারমিন সংবাদমাধ্যমকে বলেন, আমরা ২৬টি পাটকলের প্রতিনিধিরা বসে এই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল বিজেএমসি’র সঙ্গে আলোচনায় কোনও সিদ্ধান্ত হয়নি। বিজেএমসি চেয়ারম্যান বলেছেন, জুন মাসের আগে মজুরি কমিশন বসাতে পারবেন না। বকেয়া মজুরির বিষয়েও তিনি কোনও সিদ্ধান্ত দিতে পারবেন না। উনি মন্ত্রণালয়ে আলাপ করবেন, তারপর কবে নাগাদ দিতে পারবেন, তার কোনও নিশ্চয়তা দিতে পারেননি। কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত উনার কাছ থেকে আমরা পাইনি। যার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদনওগাঁয় সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু