ইসলাম টাইমস ডেস্ক: ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ । সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে আজ বিকেল ৫টা ৪৪ মিনিটের দিকে বিমানটি জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় নামার কথা ছিল। ইয়াংগুন পর্যন্ত আসার পর পাইলট বুঝতে পারেন একটি ইঞ্জিন বিকল হয়েছে। তখন চট্টগ্রামে জরুরি অবতরণ করে বিমানটি। অবশ্য যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খাইরুল কবির বলেন, বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সেটি ঠিক হয়ে গেলে ওই ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে।
















