ইসলাম টাইমস ডেস্ক: গতকালকের মত আজ মঙ্গলবারও দেশের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে।
গতকাল বিকালে হঠাৎ বৃষ্টিতে রাজধানীর খিলগাঁও, বসুন্ধরা, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী, দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে।
গতকাল ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ী দমকা হাওয়াসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে গেছে। সারা দিনে ঢাকায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি পড়তে দেখা গেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এই মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে কালবৈশাখী আঘাত হানে। ৩১ মার্চ ও ১ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীতে ৯ জন মারা যান।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কমে আসতে পারে। তাপমাত্রা বাড়তে পারে।
















