হজযাত্রীদের হয়রানি এড়াতে এবার শাহজালালেই সম্পন্ন হবে যাবতীয় ইমিগ্রেশন কার্যক্রম

ইসলাম টাইমস ডেস্ক: হয়রানি এড়াতে এবার হজযাত্রীদের যাবতীয় ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সৌদিআরবের জেদ্দা এয়ারপোর্টে যেন হজযাত্রীদের হয়রানির শিকার হতে না হয় সেজন্য এবার যাবতীয় ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে।

এজন্য সৌদি আরবের পাসপোর্ট অফিসের মহাপরিচালকের নেতৃত্বে একটি সুপারভাইজারি কমিটিও গঠন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে কমিটির ১৪ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ঢাকায় আসছেন। সৌদি আরবের পাসপোর্ট অফিসের মহাপরিচালকও আসবেন বুধবার (১০ এপ্রিল)। ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বৈঠক করার কথা রয়েছে তার।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ২০১৯ সালের হজযাত্রীদের  ইমিগ্রেশনের সব কাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে। সেজন্য সৌদি আরবের ইমিগ্রেশন কর্মকর্তারা হজের সময় ঢাকাতেই অবস্থান করবেন। এসব বিষয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সেখানকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় আসছেন।

পূর্ববর্তি সংবাদআগামীকাল বসছে পদ্মা সেতুতে দশম স্প্যান
পরবর্তি সংবাদসুরমা নদী থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার