ইসমলাম টাইমস ডেস্ক: লুকিং গ্লাস কিংবা ইন্ডিকেটর লাইট ছাড়াই অদৃশ্য ইশারায় মিলছে বাসের ফিটনেস সার্টিফিকেট। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, বাসের গঠন ও অনুমোদন যথাযথ প্রক্রিয়ায় না হলে কখনোই দুর্ঘটনা রোধ হবে না। গাড়িতে এসব না থাকার জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বিআরটিএ উভয়ই দুষছেন গাড়ি মালিকদের।
প্রস্তুতকারক এক প্রতিষ্ঠানের মালিক জানান, বাস মালিকরা বলেন তিনশো টাকা করে লাইট, লাগাবো কি করে। আর লাগালে তো ভেঙেই ফেলে।
রাজধানীসহ দেশের সড়কে চলা অধিকাংশ বাসেই নেই ইন্ডিকেটর লাইট। কিছু বাসে থাকলেও তা বসানো হয়নি ঠিক জায়গায়। আবার কোনো বাসে নির্দিষ্টস্থানে থাকলেও তা বিকল হয়ে আছে বহুদিন ধরে। এতে পেছনে থাকা যানবাহনটি নির্দেশনা দেখতে না পারায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরকারি হিসেব মতে, সারাদেশের সড়কে চলাচল করছে ৩৮ লাখ অনুমোদিত যানবাহন। যার মধ্যে প্রায় ৫ লাখই ফিটনেসবিহীন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ত্রুটিপূর্ণ কোনো বাস সড়কে নামতে না দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। একইসঙ্গে বাস নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় বিশেষজ্ঞের পরামর্শ নেয়ার তাগিদ দিচ্ছেন তারা।
বুয়েট সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, প্রতিটি বাসে ২.১ ফিট উচ্চতায় ইন্ডিকেটর লাইট থাকা, ব্রেক, চাকা, লুকিং গ্লাস নিশ্চিত করা গেলে দুর্ঘটনা অনেক কমবে। এজন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং নিয়মিত অভিযান চালাতে হবে।
















