ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী জাতীয় পুরোপুরি না হলেও অর্ধেক আসনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন । আজ বুধবার কমিশনের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন।
আজ বেলা তিনটায় কমিশনের বৈঠক বসে। বৈঠকে সব ধরনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা নিয়ে আলোচনা চলে।
ব্রিফিংয়ে সচিব বলেন, ‘এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌর নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে। ইউনিয়ন পরিষদ ও উপজেলার ক্ষেত্রে যেখানে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভালো পাওয়া যাবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে শতভাগ না হলেও অন্তত ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
সচিব আরও বলেন, সব ধরনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। প্রযুক্তি ব্যবহারের সুবিধা হলো দ্রুত ফলাফল পাওয়া যায়। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে প্রচলিত যে অনিয়মগুলো হয়, সেটা আর হবে না, ভোটারদের আস্থাটা বাড়বে।
এ বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে কি না, তা জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি এখনো শিওর না। এটা আমাদের পরিকল্পনায় আছে। এর জন্য অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দরকার আছে।’
















