ইসলাম টাইমস ডেস্ক: তৃতীয় দফা অভিযানের দ্বিতীয় দিনে তুরাগ নদের তীর থেকে জব্দ করা বালু নিলামে ১৩ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকার সাভার উপজেলার রসুলপুর এলাকায় অভিযান শুরুর পর জব্দ বালু নিলামে বিক্রি দেয়।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, রুস্তমপুর এলাকায় তুরাগ নদের জলাশয় ভরাট করে বালুর ব্যবসা করছেন দখলদারেরা।
আজ সরেজমিনে দেখা গেছে, অভিযানে থাকা নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নিলামে মালামাল বিক্রি করা হচ্ছে। আজ ১৩ লাখ ২০ হাজার টাকায় লাল বালু বিক্রি করা হয়। ভিটি বালু নিলামে বিক্রি হয়েছে ২ লাখ ৫২ হাজার টাকা। এর আগে গতকাল পঞ্চবটি এলাকায় এনডিই নামে রেডিমিক্স কংক্রিট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিদেশি পাথর ৯৬ লাখ টাকা নিলামে বিক্রি করা হয়েছিল।
অভিযানে থাকা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক, ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, দখলদারেরা যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকার চারপাশের নদ–নদীর তীরে ৫২ কিলোমিটারজুড়ে ওয়াকওয়ে নির্মাণ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
















