ইসলাম টাইমস ডেস্ক : উপাচার্য-এর পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ আন্দোলনের ১৫তম দিনে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ বেলা ১১টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মকাঠী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। মহাসড়কে শামিয়ানা টাঙ্গিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আগুন জ্বালিয়ে থেমে থেমে বিক্ষোভ করছেন তারা। ফাঁকে ফাঁকে গান গেয়ে চাঙ্গা থাকার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা মহিউদ্দিন আহমেদ শিফাত বলেন, উপাচার্যের পদত্যাগ দাবীতে তারা গত ১৪দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত করছেন না। এ কারণে দাবি আদায়ে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা। যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
এদিকে, ঘটনাস্থলে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করার কথা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি গোলাম মোস্তফা।
তিনি বলেন, অবরোধকারী শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তাদের মহাসড়ক অবরোধ তুলে দেওয়ার অনুরোধ করা হয়েছে।
















