ইসলাম টাইমস ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন প্রাণ বাঁচাতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি।
বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এ দুর্ঘটনায় আরও ১৭ ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় অষ্টম তলা থেকে দু’জনকে লাফিয়ে পড়তে দেখেছেন তারা। পরে নিচে থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ব্যাংককের মেয়র অশ্বিন কংমুয়াং ওই শপিং কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেন্ট্রাল ওয়ার্ল্ড তাদের ফেসবুক পোস্টে বলেছে, বিশ্বের অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স সেন্ট্রাল ওয়ার্ল্ডের অষ্টম তলায় আগুন লাগে যা এখন নিয়ন্ত্রণে রয়েছে।
















