ইসলাম টাইমস ডেস্ক: আজ বৃহস্পতিবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত উত্তর আফ্রিকার দেশ সুদানের প্রেসিডেন্ট ৭৫ বছর বয়সী বশিরকে গ্রেফতার করা হয়েছে।দেশটির প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ মোহাম্মদ আহমেদ ইবনে আউফ এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: রয়টার্স।
স্থানীয়দের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, বশির প্রেসিডেন্টের বাসভবনে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। তার ছেলে সিদ্দিক আল-মেহদি দেশটির প্রধান বিরোধী দল উমা পার্টির প্রধান।
পাউরুটির দাম বাড়িয়ে দেয়ায় গত বছরের ডিসেম্বর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন ক্রমেই অভ্যুত্থানে রূপ নেয়। এ অভ্যুত্থানের মাধ্যমে সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের অবসান হয়েছে।
বৃহস্পতিবার দেশটিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। দেশটির সেনাবাহিনী ঘোষণা করেছে দুই বছর সামরিক শাসনের পরে তারা নির্বাচনের দিকে যাবে। সুদানের সরকারবিরোধী বিক্ষোভের নেতৃত্বে থাকা সংগঠনগুলো শুধু বেসামরিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছে।
















