ইসলাম টাইমস ডেস্ক: বিরল প্রজাতির ৮০টি কচ্ছপ ও প্রায় তিন কেজি ওজনের ১২টি স্বর্ণবারসহ এমএ খালেক ও তাজুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল।
বৃহস্পতিবার দুপুরে ব্যাংকক থেকে টিজি৩২১ ফ্লাইটযোগে আসা ওই যাত্রীদের কাছ থেকে ওই স্বর্ণবার ও কচ্ছপ জব্দ করা হয়। স্বর্ণবারগুলোর ওজন দুই কেজি ৯৯৭ গ্রাম।
আটকরা এমএ খালেক ও তাজুল ইসলাম সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম বলেন, শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম জানতে পারে, বিমানে আগত একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। এরপর ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করে, দুই নম্বর গেটে যায়। সেখানে তার ছেলে তাজুল ইসলামের কাছে কালো স্কচটেপে মোড়ানো বস্তু হস্তান্তর করে। এসময় ছেলেকেও আটক করা হয়। তাদের আটক করে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ মোড়ানো বস্তু খুলে সোনার বারগুলো পাওয়া যায়। আটককৃত স্বর্ণবারের মূল্য এক কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা।
এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং যাত্রী ও তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার লাগেজ খুলে আমদানি শর্তযুক্ত ৮০টি অ্যাকুইরিয়াম কচ্ছপ জব্দ করা হয়।
















