ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সিটি পার্ক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এতে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে মিরপুর ফায়ার স্টেশন এবং পরবর্তীতে আশপাশের ফায়ার স্টেশন থেকে মোট ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটিতে মার্কেট ও গার্মেন্ট কারখানা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কাফরুল থানার ওসি বলেন, ‘দশ তলা ভবনের ছয় ও সাত তলার এক পাশে আগুন লেগেছে। সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয় বলে আমরা জানতে পেরেছি। পহেলা বৈশাখের কারণে সেখানে কোনও লোকজন ছিল না।’
















