ইসলাম টাইমস ডেস্ক: গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ইলহান ওমরের একটি ভিডিওর সঙ্গে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ছবি যুক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমর্থকদের উদ্দেশ্যে টুইট করে লেখেন, ‘আমরা কখনোই ভুলব না।’
ট্রাম্পের এই টুইটে ইলহান ওমর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ওমর বলেন, এরই মধ্যে তিনি কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন। হুমকিদাতাদের কেউ কেউ ট্রাম্পের টুইটের কথা উল্লেখ করেছেন বলেও জানান ওমর।
ওমরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসিও। শনিবার ট্রাম্পকে তিরস্কার করে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক টুইটার বার্তায় বলেন, ৯/১১ হামলার স্মৃতি জেগে আছে এক পবিত্রতার পটভূমিতে।তাই রাজনৈতিক আক্রমণের জন্য ৯/১১ ছবি ব্যবহার করা প্রেসিডেন্টের উচিত নয়। সূত্র: ডন।
গতকাল রোববার তিনি এক বিবৃতিতে ন্যান্সি জানান, ওমরের নিরাপত্তা নিয়ে তিনি ওয়াশিংটন পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশ বিষয়টি নজরদারিতে রাখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তাঁকে আশ্বাস দিয়েছে।
ওমর সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা থেকে কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করেন ওমর। এ কারণে তিনি সমালোচিত।
গত ২৩ মার্চ কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কাইর) আয়োজিত এক অনুষ্ঠানে ইলহান ওমর যুক্তরাষ্ট্রের ইসলাম ভীতি এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার নিন্দা জানিয়ে বলেছিলেন, ”দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দীর্ঘদিন অস্বস্তির সঙ্গে বসবাস করছি আর এতে আমি ক্লান্ত”।
এরই প্রেক্ষিতে ট্রাম্প ইলহান ওমরের ভিডিওটির সঙ্গে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ছবি যুক্ত করে টুইটে বলেন, ‘আমরা কখনোই ভুলব না।’
















