ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে পহেলা বৈশাখে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন ১৫ বছর বয়সী এক কিশোরী। রোববার (১৪ এপ্রিল) দুপুরে পটিয়ার একটি আবাসিক হোটেলে নিয়ে ওই কিশোরীর প্রেমিক ও তার দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজন অটোরিকশা চালক মেয়েটিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তাকে কারা কীভাবে উদ্ধার করেছে তা জানা যায়নি।
এদিকে পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বাবলু দাশ জানান, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনজন মিলে ওই কিশোরীকে ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুমূর্ষু অবস্থায় পটিয়া সরকারি মেডিকেল হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
















