ইসলাম টাইমস ডেস্ক: নাগরিকদের হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জেলা নির্বাচন অফিস থেকেই প্রিন্ট করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন অফিসগুলোতে পাঠানো হয়েছে।
এই চিঠিতে আগামী ২০ এপ্রিল থেকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ইসি সূ্ত্রে জানা যায়, প্রিন্ট করা কার্ড দ্রুত উপজেলা নির্বাচন অফিসে পৌঁছে যাবে। নাগরিকরা কম সময়ে উপজেলা নির্বাচন অফিস থেকে ওই কার্ড সংগ্রহের সুযোগ পাবেন।
বর্তমানে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হারানো কার্ড প্রিন্ট করা হয়। ওইসব কার্ড জেলা অফিস হয়ে উপজেলা পর্যায়ে পৌঁছতে সময় বেশি লাগে। ওই সময় কমিয়ে আনতে জেলা পর্যায়ে কার্ড প্রিন্ট করার নির্দেশনা দেয়া হয়েছে। ইসি সূত্রে জানা গেছে এসব তথ্য।
মাঠপর্যায়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের সেবা ভোটারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলাসমূহে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
এ লক্ষ্যে কানেকটিভিটি স্থাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। কেনা হয়েছে প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। এমন অবস্থায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হারানো কার্ড প্রিন্ট করার জন্য বলা হয় ওই চিঠিতে।
এ বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক বলেন, নাগরিকদের সুবিধার্থে আগামী ২০ এপ্রিল হতে দেশব্যাপী ৬৪টি জেলা নির্বাচন অফিস থেকেই হারানো এনআইডি কার্ড মুদ্রণ করা হবে। নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ১০টি আঞ্চলিক নির্বাচন অফিসে এই কার্ড প্রিন্টের ব্যবস্থা করেছিল। জেলা নির্বাচন অফিসে এ কার্ড প্রিন্ট হওয়ায় জনগণ এখন আরো বেশি সুবিধা পাবেন।
















