শেষ পর্যন্ত বরখাস্ত ডিএনসিসি সুপারভাইজার

ইসলাম টাইমস ডেস্ক: ডিএনসিসির অঞ্চল-৩-এর রাজস্ব বিভাগে লাইসেন্স সুপারভাইজার হিসেবে কর্মরত আবদুর রশিদ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেষ পর্যন্ত বরখাস্ত হলেন। আজ মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে ডিএনসিসি।

ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে আবদুর রশিদকে বরখাস্তের আদেশ জারি হয়। তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, করপোরেশনের অর্থ আত্মসাৎ, চুরি, তহবিল তছরুপ বা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আবদুর রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়া, প্রতারণা, জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। উপসহকারী পরিচালক ওমর ফারুক অভিযোগটি দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিলেন। রশিদকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। পরে ওমর ফারুকের বদলে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় সহকারী পরিচালক ইসমাইল হোসেনকে।

এর আগে ২০১৪ সালে আবদুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, প্রতারণা ও জালিয়াতির ২০টি লিখিত অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন এক ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৮ মে বিষয়টি তদন্তের নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ।

পূর্ববর্তি সংবাদদোহায় ফের মার্কিন-তালেবান শান্তি আলোচনা, তালেবান প্রতিনিধি দলে থাকছেন নারীও
পরবর্তি সংবাদটাকার লোভ দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার