ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
মঙ্গলবার টুইট বার্তায় তিনি বলেন, নটর ডেম ক্যাথিড্রাল প্যারিসের মানবতার সাধারণ ঐতিহ্যের প্রতীক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমারা গভীরভাবে মর্মাহত।
স্থানীয় সময় সোমবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ৯ ঘণ্টা পর দমকলকর্মীরা নটর ডেম ক্যাথেড্রালের আগুন নেভাতে সক্ষম হয়। এতে এক দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, সংস্কারকাজ করার সময় কোনোভাবে ভবনটিতে আগুন ধরে যায়।
এর পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। যুক্তরাজ্যের গণমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়, গির্জাটির ওপরের দিকের অংশ আগুনে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি বেল টাওয়ারেই আগুন দূর থেকেও পরিষ্কার দেখা গেছে।
















