ইসলাম টাইমস ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশিদের প্রত্যেকের পরিবারকে ১৫ হাজার নিউজিল্যান্ড ডলার (আট লাখ ৫৪ হাজার টাকা) ক্ষতিপূরণ বাবদ করে আর্থিক অনুদান দিয়েছে সে দেশের সরকার।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদও উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় যেসব বাংলাদেশি নিহত বা আহত হয়েছেন তারা সবাই আর্থিকভাবে স্বাবলম্বী। তাদের কাছে আর্থিক অনুদান মুখ্য নয়। ঘটনার পরপর নিউজিল্যান্ড সরকার আমাদের যথেষ্ট সম্মানিত করে। লাশ দেশে পাঠানোসহ পরিবারের সদস্যদের দ্রুততার সঙ্গে ভিসা ইস্যু করেছে। তারা কম না বেশি টাকা অনুদান দিয়েছে এটাকে বড় করে দেখার সুযোগ নেই।
এছাড়া আগেও লাশ পরিবহন বাবদ ছয় লাখ ২৭ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের সে দেশে যাওয়া-আসাসহ অন্যান্য খরচ নিউজিল্যান্ড সরকার বহন করেছে।
















