ইসলাম টাইমস ডেস্ক : পূর্ব ঘোষণা ছাড়াই আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশের অভিযোগে মুজিবর রহমান শামিম নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ করেছেন নিরাপত্তা কর্মীরা। তিনি বাগেরহাট চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চিতলমারী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি।
বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এ ঘটনা ঘটে।
তার হেফাজত থেকে লাইসেন্স করা একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে তল্লাশিকালে তার ওই আগ্নেয়াস্ত্র ধরা পড়ে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় ৫৪ ধারায় একটি মামলা করা হয়।
পুলিশ ও বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তারা জানান, পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশ করেন যাত্রী মুজিবর রহমান। বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে তল্লাশিকালে তার লাগেজে আগ্নেয়াস্ত্র ধরা পড়ে।
















