ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের ব্রিটেনে একটি ব্যাংকের তিনটি হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে ঢাকার আদালত।
গতকাল বৃহস্পতিবার দুদকের এ বিষয়ে একটি পারমিশন মামলার শুনানি শেষে সন্ধ্যায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ আদেশ দেন। জব্দের আদেশ হওয়া তিনটি ব্যাংক হিসাবই স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকের।
দুদকের পারমিশন মামলার আবেদনে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে বিনিয়োগ করার অভিযোগের অনুসন্ধান চলছে। ব্রিটেনের স্ট্যান্ডার্ড ব্যাংক ইউকে পরিচালিত হোয়াইট অ্যান্ড ব্লু কনসালট্যান্ট লিমিটেড শীর্ষক প্রতিষ্ঠানের হিসাব থেকে তারেক রহমান এবং জোবাইদা রহমানের তিনটি ব্যাংক হিসাবে ৫৯ হাজার ৩৪১ দশমিক ৯৩ ব্রিটিশ পাউন্ড স্থানান্তরের এফআইইউ, ইউকে-এর নির্দেশে আটক আছে।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, আদালতের আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন।
















