ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কুবিরখালী গ্রামের খালপাড়ার রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

নিহত জামিরুল ইসলাম (৪৬) ঝিনাইদহ সদর উপজেলার মুধহাটি ইউনিয়নের কামতা-মীর্জাপুর গ্রামের মৃত মজনু বিশ্বাসের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

জানা যায়, নিহত ব্যক্তি স্থানীয় চন্ডিপুর বাজার থেকে মোটরসাইকেল চড়ে নিজ বাড়ি কামতা-মীর্জাপুর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার বুকে ও মাথায় দুইটি গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জামিরুল একজন হার্ডওয়ার ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন বলে জানায় পুলিশ ।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগে সে জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গত ৩ বছর আগে সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়। সরকারি দলে যোগদানে পর থেকে সে বেপরোয়া হয়ে উঠে। তার ভয়ে এলাকার মানুষ ভীত ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানসহ পদস্থরা অবস্থান করছেন। প্রাথমিক ভাবে এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।

পূর্ববর্তি সংবাদসুন্দরবনকে রক্ষা করতে এলাকার মানুষের সহযোগিতা চাইলেন বনমন্ত্রী
পরবর্তি সংবাদরাঙ্গামাটিতে ঘর থেকেই পুলিশ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার