ইসলাম টাইমস ডেস্ক: গতকাল শুক্রবার রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের মিনাটিটলান শহরের একটি বারে অজ্ঞাত এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে ৫ নারী, এক শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার মেক্সিকোর সরকারের পক্ষ থেকে হামলার সত্যতা নিশ্চিত করা হয়। সূত্র: রয়টার্স।
ভেরাক্রুজ রাজ্যের এক মুখপাত্র বলেন, অজ্ঞাত ওই বন্দুকধারী শুক্রবার রাতে এক ব্যক্তিকে খোঁজে ওই বারে আসে। সেসময় অতর্কিতে হামলা চালায় সে। কিন্তু এই হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৫ জন নারী, ১ শিশু ও ৭ জন ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হামলায় আরো ৪ জন আহত হয়েছে।
ভেরাক্রুজ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রধান হুগো গুতিরেজ এক টুইট বার্তায় বলেন, ওই হামলাকারীকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।
















