ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদ্যাপনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে একের পর এক বোমা হামলা হয়। নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১৫৬ হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫ জন বিদেশি। আহত ব্যক্তির সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
বঙ্গভবন থেকে শোকবার্তায় বলা হয়,শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় নিহেতদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি। শ্রীলঙ্কা সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শেখ হাসিনা নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
















