ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল মঙ্গলবার প্রথম ধাপে প্রায় দেড়শ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। কাল সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন। একইভাবে অন্য কমিশনাররা দেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।
হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃতদের নাম কাটা হবে। এবার হিজড়া পরিচয়েও ভোটার করা হবে।
নতুন তথ্য সংগ্রহের পর আগামী ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে নির্দিষ্ট কেন্দ্রে তাদের নাম রেজিস্ট্রেশন ও ছবি তোলার কার্যক্রম।
এবার ৮০ লাখ নাগরিকের তথ্য সংগহের লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন। ইসির সংরক্ষিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ১০ কোটি ৪৩ লাখ ভোটার রয়েছে।
















