ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সভাপতি আল্লামা আব্দুল মু’মিন শায়েখে ইমামবাড়ি ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
আজ সোমবার (২২ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়ত শীর্ষ নেতৃদ্বয় বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে’র প্রার্থনার সময় শ্রীলংকায় গির্জা ও হোটেল’সহ একাধিক স্থানে সিরিজ বোমা হামলার যে ঘটনা ঘটেছে, তাতে আমরা হতভম্ব ও গভীরভাবে শোকাহত। ন্যূনতম মনুষ্যবোধ কাজ করে এমন কেউ এ ধরণের জঘন্য নৃশংসতা চালাতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি দাবি করি।
জমিয়ত নেতৃদ্বয় গত মাসে নিউজিল্যান্ডের ক্রাইষ্ট চার্চ শহরে মসজিদে হামলা এবং গতকাল শ্রীলংকায় গির্জায় হামলা’র উল্লেখ করে বলেন, এসব ঘটনায় হামলাকারী, হামলায় ইন্ধনদাতা এবং আড়াল থেকে সহায়তাকারী তারা সকলেই মানবতার দুশমন। মানবতাবিরোধী এসব হামলাকারীর বিরুদ্ধে বিশ্বসমাজকে নিরপেক্ষভাবে ঐক্যবদ্ধ হতে হবে।
জমিয়ত সভাপতি ও মহাসচিব আরো বলেন, গত মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে মসজিদে হামলা এবং গতকাল শ্রীলংকায় গির্জায় হামলার ঘটনায় কোন যোগসূত্র আছে কিনা, নিরপেক্ষভাবে সেটাও তদন্ত করে দেখা দরকার। কারা শ্রীলঙ্কাকে অস্থিতিশীল করতে চায় এবং কারা শ্রীলঙ্কার অস্থিতিশীলতায় ফায়দা নিতে পারে, সেটাকে সামনে রেখে তদন্ত করতে হবে।
















