এসএসসির ফল ৪, ৫ বা ৬ মে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক:  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ৪, ৫ অথবা ৬ মে। এই তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চেয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেই তারিখেই ফল প্রকাশ করা হবে।

এদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১২ মে, চলবে ২৩ মে পর্যন্ত। আগের মতো ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না। একজন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীকে অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। অনলাইনে ১৫০ টাকা দিয়েই ৫ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। এ ছাড়া টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করেও আবেদন করার সুযোগ আছে। তবে এসএমএসের ক্ষেত্রে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা করে ফি দিতে হবে। উভয় পদ্ধতিতে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানের জন্য আবেদন করা যাবে। এরপর শিক্ষার্থীর ফল ও পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।

পূর্ববর্তি সংবাদনটরডেম ক্যাথেড্রাল এবং একজন ফুটবলারের আকুতি
পরবর্তি সংবাদনানা সময় নানা কথা: শ্রীলঙ্কা হামলায় অপরাধী আসলে কে?