ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায় পৌঁছাবে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জায়ানের মরদেহ আগামী বুধবার কলম্বো থেকে দুপুর একটায় ঢাকা পৌঁছাবে। সেদিন বাদ আসর বনানী ক্লাব মাঠে জানাযার পর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।
এর আগে পারিবারিক সূত্রে জানা গিয়েছিল, জায়ানের লাশ আসবে মঙ্গলবার দুপুরে। বাদ আসর জানাজা শেষে মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় মরদেহ আসতে একদিন বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।
বাবা-মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে রবিবারের ভয়াবহ বোমা হামলায় নিহত হয় আট বছর বয়সী জায়ান। ওই ঘটনায় তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সও আহত হন। শেখ সেলিমের জামাতা প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে বর্তমানে দেশে আনা সম্ভব হচ্ছে না।
শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বেড়াতে। ইস্টার সানডের প্রার্থনার মধ্যে রবিবার গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এর মধ্যে একটি হোটেলে উঠেছিল ওই পরিবার।
হামলার সময় হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।
















