ইসলাম টাইমস ডেস্ক: ইসলামিক স্টেটকে (আইএস) বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে ভারতের সাতটি প্রতিষ্ঠান। আইএস এর কাছে মোট ২০টি দেশের অস্ত্র এবং বিভিন্ন সামরিক রসদ যায়। অস্ত্র সরবরাহে শীর্ষে রয়েছে ভারতের অবস্থান। যদিও ভারতের প্রতিষ্ঠানগুলো এমন তথ্য অস্বীকার করেছে।
ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক সিএআর নামের একটি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এই সংবাদ প্রকাশের পর ভারতে হইচই পড়ে গিয়েছিলো।
প্রায় ২০ মাসের চেষ্টায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিএআর জানিয়েছে, সিরিয়া এবং ইরাকে আইএস যেসব অস্ত্র গোলাবারুদ নিয়ে যুদ্ধ করছে তার মধ্যে বিশ্বের ২০টি দেশের ৫১টি প্রতিষ্ঠানের সরবরাহ করা অন্তত ৭০০ ধরনের উপাদান রয়েছে।
২০টি দেশের তালিকায় ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, নেদারল্যান্ডস, ব্রাজিল, তুরস্ক, রোমানিয়া, , চীন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া আর চেক প্রজাতন্ত্রের নামও রয়েছে। সরবরাহ করা রসদগুলো লেবানন বা তুরস্ক হয়ে আইএস-এর কাছে পৌঁছায়।
ইরাকের রাবিয়া, কিরকুক, মসুল এবং সিরিয়ার কোবানি শহরে আইএস যোদ্ধাদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ পরীক্ষা-নিরীক্ষা করে ২০টি দেশের ৫১টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কথা জানতে পেরেছে সিএআর।
















