শুধু উন্নয়ন আর নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না : এম হাফিজ উদ্দিন খান

ইসলাম টাইমস ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেন, “শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র সচল থাকে। দুঃখজনক হল, গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনের কোনো প্রতিবাদ হয় নাই। আমরা কেউ মাঠে নামি নাই।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও টেকসই উন্নয়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে এম হাফিজ এসব কথা বলেন।হাফিজ উদ্দিন বলেন, বাঙালিরা এত প্রতিবাদী ছিল। বায়ান্ন, উনসত্তর, একাত্তরে কত প্রতিবাদ করেছে এই বাঙালি। এখন সব মরে গেছে কেন, বুঝতে পারলাম না”।

বৈঠকে প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে উন্নয়ন সুবিধা সবাই পাচ্ছে না। বাংলাদেশে এখন উন্নয়নের যে স্লোগান চলছে, ষাটের দশকে পাকিস্তান আমলেও তা ছিল। কিন্তু সে উন্নয়ন সবাইকে আকৃষ্ট করতে পারেনি।

শেয়ারবাজার প্রসঙ্গে সালেহ উদ্দিন আহমেদ বলেন, ৯০-এর দশকে শেয়ারবাজারে যে কেলেঙ্কারি ঘটেছিল সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল। রাষ্ট্র ও সরকার সেই শিক্ষা নেয়নি বলেই ২০১০ সালে কেলেঙ্কারি হয়। তার ধারাবাহিকতা এখনো আছে। কারা, কীভাবে এর সঙ্গে জড়িত, তা সরকার জানে। অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র সংকুচিত হলে পুঁজির অসম বিকাশ ঘটে। আর এই কারণেই এ সরকারের নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা।কারণ, পুঁজিই এখন ক্ষমতার উৎস, জনগণ নয়।

পূর্ববর্তি সংবাদপাঠ্যপুস্তকের ভুল সংশোধনের কাজ চলছে: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদনড়াইলে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১ প্রবাসী নিহত