ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষককে হেনস্থা করা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৬ ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করায় গোটা স্কুলে আগুন ধরিয়ে দেয় বহিস্কৃত ছাত্ররা।
গতকাল শুক্রবার ভারতের মণিপুরের কাকচিং জেলার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ বহিস্কৃত ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, গত সপ্তাহে অভিযুক্ত ৬ ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে বহিষ্কার হয়। তারপরেই শুক্রবার স্কুলে আগুন ধরিয়ে দেয় তারা। তাদের সঙ্গে অবশ্য আরও অনেকে যুক্ত ছিলো।
স্কুলের প্রিন্সিপ্যাল ফাদার ডমিনিক জানিয়েছেন, ‘ভয়াবহ ওই আগুনে ১০টি কক্ষ পুড়ে গেছে। তার মধ্যে ২টি রুমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।’
স্কুল কর্তৃপক্ষের ধারণা, ওই ছাত্রদের বহিষ্কার করার পর স্থানীয় কোনও সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তারা।
















