ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা ও যশোর বোর্ডের সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগের দিন প্রশ্নপত্র খুলে ফেলায় এই দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরীক্ষা আগামী ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
তিনি বলেন, ঢাকা বোর্ডের ফরিদপুর আলফা ডাঙ্গা কলেজ কেন্দ্রে ও যশোর বোর্ডের অধীনে খুলনার একটি কলেজে আগামীকালের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষার প্রশ্ন রোববার ভুলবশত খুলে ফেলা হয়েছে। এ কারণে আগামীকাল সোমবার দুই বোর্ডের অধীনে এ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।তবে, অন্যান্য বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করা হবে।
এ ছাড়াও ঢাকা ও যশোর বোর্ডের আগামীকাল ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ছাড়া সকল বিষয়ের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
















