ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দুর্নীতির অভিযোগে দুদকের দেয়া নোটিশের কার্যকারিতা গত ৩ এপ্রিল চার সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এখন তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলতে কোনো বাধা নেই।
রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ একাধিক অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গত ২৮ মার্চ রুহুল আমিনকে তলব করে নোটিশ পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। দুদকের তলবি নোটিশে বলা হয়, রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে। সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
















